নড়াইলে রুবেলা ও হাম টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে রবিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মোঃ আব্দুর রশিদ।
প্রেস কনফারেন্সে রুবেলা ও হাম টিকাদান কর্মসূচির বিস্তারিত তথ্য উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মোঃ ইসমাইল হোসেন বাপ্পি।
সিভিল সার্জন ডা. মোঃ আব্দুর রশিদ জানান, জেলার ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ৭৭ হাজার ৮২২ শিশুকে ৯৬৬টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে রুবেলা ও হাম টিকা প্রদান করা হবে। তিন দিন শিক্ষা প্রতিষ্ঠানে এবং আটটি ব্লকে আট দিনব্যাপী এ টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
তিনি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে যারা টিকা নিতে পারবে না, তাদের চিহ্নিত করে স্বাস্থ্য বিভাগের মোবাইল টিম বাড়ি বাড়ি গিয়ে টিকার আওতায় নিয়ে আসবে। তবে বর্তমানে যারা হাম রোগে আক্রান্ত রয়েছে, তাদের তাৎক্ষণিকভাবে টিকা দেওয়া হবে না। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে তাদের টিকাদান কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করা হবে।
প্রেস কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের জেলা হেলথ ইন্সপেক্টর মোঃ হাবিবুর রহমান এবং নড়াইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ২০২০ সালের পর থেকে এ ধরনের সমন্বিত রুবেলা ও হাম টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়নি। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত টিকাদান কার্যক্রমে বিঘ্ন ঘটার কারণে সাম্প্রতিক সময়ে হাম রোগের প্রকোপ বেড়েছে। হাম প্রতিরোধে কার্যকর উপায় হলো শিশুকে সময়মতো টিকা প্রদান করা।
স্বাস্থ্য বিভাগ সকল অভিভাবককে অনুরোধ জানিয়েছে, ২০ এপ্রিল সকাল ৯টা থেকে বিকাল ৪টার মধ্যে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করে শিশুদের রেজিস্ট্রেশন সম্পন্ন করে টিকা গ্রহণ নিশ্চিত করার জন্য।