• 20 Feb, 2026

রমজান উপলক্ষে নড়াইলে বাজার তদারকি অভিযান: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

রমজান উপলক্ষে নড়াইলে বাজার তদারকি অভিযান: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ক্রেতাদের ভোগান্তি কমাতে নড়াইল সদরের রূপগঞ্জ বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৭,০০০ টাকা জরিমানা করা হয়।

সংযমের মাস পবিত্র রমজান উপলক্ষে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ক্রেতাদের অধিকার নিশ্চিত করতে নড়াইল সদরের রূপগঞ্জ বাজারে যৌথভাবে অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান। তিনি সাংবাদিকদের জানান, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পণ্যের মোড়কে মূল্য উল্লেখ না করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ও ৩৮ ধারায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

অভিযানে —একটি ফল ভান্ডারে মূল্য তালিকা না থাকায় ১,০০০ টাকা জরিমানা, অন্য একটি ফল ভান্ডারে মূল্য তালিকা ও পণ্যের মোড়কে মূল্য না থাকায় ৫,০০০ টাকা জরিমানা, আমীর হামজা সবজি ভান্ডারে মূল্য তালিকায় পণ্যের দাম উল্লেখ না থাকায় ১,০০০ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, রমজান মাসের পবিত্রতা রক্ষা এবং ক্রেতাদের দুর্ভোগ কমাতে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন ক্যাব নড়াইল জেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মলয় কান্তি নন্দী, সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান, সদস্য আব্দুস সাত্তার, মুন্সি আসাদুর রহমান, স্বপ্না রানী রায়, সৌরভ ব্যানার্জী, সাজিয়া আরফিন বেবী, পিয়া সরকার, নজরুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকরা।