• 09 Apr, 2026

হঠাৎ বাজার থেকে ভোজ্যতেল উধাও: প্রতিবাদে নড়াইলে ক্যাবের মানববন্ধন, কঠোর ব্যবস্থার দাবি

হঠাৎ বাজার থেকে ভোজ্যতেল উধাও: প্রতিবাদে নড়াইলে ক্যাবের মানববন্ধন, কঠোর ব্যবস্থার দাবি

নড়াইলকণ্ঠ : নড়াইলে হঠাৎ বাজার থেকে সয়াবিনসহ ভোজ্যতেল উধাও হয়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অসাধু ব্যবসায়ীদের কারসাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বুধবার কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), নড়াইল জেলা শাখা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বক্তারা দ্রুত বাজার মনিটরিং জোরদার ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বাজারে হঠাৎ করে ভোজ্যতেলের সংকট দেখা দেওয়ায় নড়াইলে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় নড়াইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ক্যাব নড়াইল জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। স্থানীয় সচেতন নাগরিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সাধারণ ভোক্তারা এতে উপস্থিত ছিলেন।

02-46.jpgমানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একশ্রেণির মুনাফালোভী ব্যবসায়ী ও সিন্ডিকেট চক্র সাধারণ ভোক্তাদের জিম্মি করে বাজার থেকে সয়াবিনসহ বিভিন্ন ভোজ্যতেল সরিয়ে ফেলছে। এতে বাজারে তেলের তীব্র সংকট সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

বক্তারা বলেন, গত কয়েকদিন ধরে স্থানীয় বাজারে ভোজ্যতেলের সরবরাহ অস্বাভাবিকভাবে কমে গেছে। অনেক দোকানে তেল পাওয়া যাচ্ছে না, আবার কোথাও কোথাও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি দ্রুত বাজার মনিটরিং জোরদার করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে বাজারে সক্রিয় সিন্ডিকেট চক্রকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

ক্যাব নেতারা আরও বলেন,

  • সরকার নির্ধারিত মূল্যে ভোজ্যতেল বিক্রি নিশ্চিত করতে হবে
  • সয়াবিন তেলের বাজারে সক্রিয় সিন্ডিকেট চক্রকে চিহ্নিত করে শাস্তি দিতে হবে
  • নিয়মিত ও কার্যকর বাজার অভিযান পরিচালনা করতে হবে
  • নন-ফুড গ্রেড ড্রামে তেল সংরক্ষণ ও বিক্রি অবিলম্বে বন্ধ করতে হবে
  • ভোজ্যতেল সংরক্ষণে ফুড-গ্রেড পাত্র ব্যবহার বাধ্যতামূলক করতে হবে

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে তেলের সরবরাহ স্বাভাবিক না হলে এবং বাজার কারসাজি বন্ধ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ক্যাব নড়াইল জেলা শাখার সভাপতি মলয় কান্তি নন্দী, সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান, ক্যাব ও সহযোগী সংগঠনের সদস্যবৃন্দসহ স্থানীয় সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা।