নড়াইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ৮ (আট) হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার গোবরা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় জরিমানা আরোপ করা হয়। একই সাথে একবস্তা মেয়াদোত্তীর্ণ লবণ ধ্বংস করা হয়।
রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং ক্রেতাদের ভোগান্তি কমানোর লক্ষ্যে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান।
অভিযান শেষে তিনি জানান, এটি তাদের নিয়মিত কার্যক্রমের অংশ। বিশেষ করে রমজান মাসকে সামনে রেখে বাজারে ভোগান্তি রোধে জেলার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, ক্রেতা ও বিক্রেতা উভয়কেই সচেতন হতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ন্যায্য মূল্যের বাজার ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব। এসময় বাজারের সাধারণ ব্যবসায়ী ক্রেতা সাধারণকে ভোক্তার অধিকার বিষয় সচেতন করেন।
অভিযানে হেলথ ইন্সপেক্টর হাবিবুর রহমান, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নড়াইল জেলার সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান, ক্যাব সদস্য সাংবাদিক আব্দুল সাত্তার, সাংবাদিক শরিফুল ইসলাম বাবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।