নড়াইল প্রতিনিধি : বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে নড়াইল আব্দুল হাই সিটি কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য বৈশাখী উৎসব উদযাপন করা হয়েছে। উৎসবকে ঘিরে কলেজ প্রাঙ্গণে ছিল আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানের শুরু থেকেই শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বৈশাখী উৎসবের অংশ হিসেবে কলেজে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। শিক্ষার্থীদের পরিবেশনায় বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও গ্রামীণ জীবনের নানা দিক সুন্দরভাবে ফুটে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকরা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শুধু বিনোদনই দেয় না, বরং তাদের মধ্যে সাংস্কৃতিক চেতনা, সৃজনশীলতা এবং বাংলা ঐতিহ্যের প্রতি ভালোবাসা বৃদ্ধি করে। নববর্ষের এই উৎসব শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্যম ও প্রেরণা সঞ্চার করে।
অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে শিক্ষার্থীদের উচ্ছ্বাস আরও বেড়ে যায়। কলেজ কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে, যাতে শিক্ষার্থীরা তাদের প্রতিভা বিকাশের আরও সুযোগ পায়।