প্রয়াত প্রফেসর মুন্সি মো. হাফিজুর রহমানের স্মরণে নড়াইলে এক আবেগঘন স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। চিত্রা থিয়েটারের আয়োজনে রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৭টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ চত্বরে সুলতান মঞ্চে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় সভাপতিত্ব করেন ওসমান আলী। অনুষ্ঠানে বক্তারা প্রফেসর মুন্সি মো. হাফিজুর রহমানের জীবনব্যাপী কর্ম, শিক্ষা বিস্তার, সাংস্কৃতিক চর্চা এবং সমাজ উন্নয়নে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
চিত্রা থিয়েটারের প্রতিষ্ঠাতা ও বরেণ্য নাট্য ব্যক্তিত্ব কচি খন্দকার বলেন, প্রফেসর হাফিজুর রহমান ছিলেন একজন আলোকিত মানুষ, যিনি শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে সমাজকে সমৃদ্ধ করার চেষ্টা করেছেন। তাঁর আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
এ সময় আরও বক্তব্য রাখেন চিত্রা থিয়েটারের সাধারণ সম্পাদক নাজমুল হাসান লিজা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শরফুল আলম লিটু, সুভাষ বিশ্বাস, মলয় কান্তি নন্দী, নাট্য ব্যক্তিত্ব মিলন ভট্টাচার্য, সাংস্কৃতিক কর্মী প্রভাষক মাহাবুবুর লিটু, প্রতুল হাজরা, মুন্সি আসাদুর রহমান, রওশন আরা লিলি, মহিউদ্দিন, শুভ সরকার, শামীমুল ইসলাম টুলু, স্বপ্না রানী রায়, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুর রশীদ লাভলু, সমাজকর্মী শেখ হানিফ, কাজী হাফিজুর রহমান, গাজী আব্দুল মজিদ প্রমুখ।
বক্তারা বলেন, প্রফেসর মুন্সি মো. হাফিজুর রহমান ছিলেন শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির এক নিবেদিতপ্রাণ মানুষ। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তাঁকে স্মরণ করার মধ্য দিয়ে তাঁর আদর্শ ও কর্মকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তারা।
স্মরণসভা জুড়ে উপস্থিতদের মধ্যে ছিল গভীর আবেগ ও শ্রদ্ধা। তাঁর কর্মময় জীবনের নানা স্মৃতি তুলে ধরে বক্তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।